গোয়াইনঘাটে ১১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ || জৈন্তাপুরে প্রবাসীর গরু উদ্ধার

প্রকাশিত February 5, 2024
গোয়াইনঘাটে ১১০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ || জৈন্তাপুরে প্রবাসীর গরু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : পুলিশের পৃথক পৃথক অভিযানে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১১০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার হয়েছে পরোয়ানাভুক্ত এক আসামি। এছাড়া জৈন্তাপুর উপজেলায় এক প্রবাসীর চুরি হওয়া গরু উদ্ধার হয়েছে।
গোয়াইনঘাট থানা পুলিশের একাধিক আভিযানিক দল রাতভর অভিযান পরিচালনা করে সোমবার, ৫ ফেব্রুয়ারি (২১ মাঘ) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের নতুনভাঙ্গা হাওর এলাকায় বাবুল আহমদ (৪০, পিতা মৃত আকদ্দছ আলী, নতুন ভাঙ্গা হাওর, গোয়াইনঘাট, সিলেট) নামে একজনকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
একই রাতে আরেকটি আভিযানিক দল সাজা পরোয়ানাভুক্ত আসামি ফজলু মিয়াকে (পিতা মৃত কমর উদ্দিন, কালিনগর, গোয়াইনঘাট, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে গত ৪ ফেব্রুয়ারি রাতে জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামের কাতার প্রবাসী আহমুদুল কিবরিয়া তার ১৪টি গরু চুরি হওয়ার ব্যাপারে ফেসবুক লাইভ করলে তা জেলা পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক জৈন্তাপুর মডেল থানা পুলিশ চুরি হওয়া গরু উদ্ধার ও আসামি গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এর একপর্যায়ে ১টি গরু উদ্ধার করা হয়।
প্রতিটি ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে।