জকিগঞ্জে শায়খুল হাদিস হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন নিয়ে মতবিনিময়

প্রকাশিত February 4, 2024
জকিগঞ্জে শায়খুল হাদিস হবিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন নিয়ে মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি : প্রখ্যাত শায়খুল হাদিস হবিবুর রহমানের (র) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
রবিবার, ৪ ফেব্রুয়ারি (২১ মাঘ) আল-হাবীব গ্রন্থাগার মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে সকাল ১০টা থেকে পরদিন ভোর পর্যন্ত ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন লন্ডন দারুল হাদিস লতিফিয়ার শিক্ষক ও শায়খুল হাদিস হাবিবুর রহমানের (র) বড় ছেলে মাওলানা আব্দুল আউয়াল হেলাল।
তিনি জানান, অতীতের অভিজ্ঞতা নিয়ে এবারের মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এতে আগত ধর্মপ্রাণ মুসল্লি ও মেহমানগণের জন্য মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে এবারও থাকবে বিশাল প্যান্ডেল ও স্টেইজ। থাকবে দু’বেলা খাবারের ব্যবস্থা। এছাড়া গাড়ির জন্য পর্যাপ্ত পার্কিংয়ের জায়গাও থাকবে।
তিনি জানান, এবারের ঈসালে সাওয়াব মাহফিলে ফুলতলী বড় ছাহেব কিবলাহ্ ও অন্যান্য ছাহেবজাদাগণ সহ ফুলতলী ছাহেব বাড়ির নতুন প্রজন্মের আলেমগণ এবং দেশ-বিদেশের খ্যাতনামা আলেম-ওলামা ও ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুর রব বেলাল, মাওলানা আব্দুল বাকী খালেদ, ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির মাওলানা ফদ্বলুর রহমান ও মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী. সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্মসম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুর্শেদ আলম লস্কর, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, সদস্য আবু বকর মো ফয়ছল, সংবাদকর্মী ওমর ফারুক, জাহাঙ্গীর সাহেদ ও উজ্জ্বল আহমদ তোফায়েল।