জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের পরিচালকদের ভোটে জকিগঞ্জ উপজেলার সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রতিষ্ঠান প্রধান নজরুল হক তাপাদার সভাপতি নির্বাচিত হয়েছেন।
এর আগে তিনি সমিতির সহসভাপতি ও সচিব পদে নির্বাচিত হয়ে এলাকার গ্রাহক সেবায় অবদান রাখেন।
সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে সভাপতি নির্বাচিত হন। এবারই প্রথম জকিগঞ্জ উপজেলা থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়াও জকিগঞ্জ উপজেলায় সমিতি বোর্ডের সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমান পরিচালক সহিদুল হাসান ও নারী পরিচালক ছালেহা বেগম নেতৃত্ব দিচ্ছেন। এতে পল্লী বিদ্যুতের গ্রাহক সেবার মান আরও উন্নত হবে বলে উপজেলাবাসী মনে করছেন।
নজরুল হক তাপাদারও বলেছেন, পল্লীবিদ্যুতের সেবার মান বৃদ্ধিতে তিনি যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবেন।
নজরুল হক তাপাদার সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা তাকে অভিনন্দন জানিয়েছেন।