বাংলাদেশ সুপ্রীম কোর্ট মিলনায়তনে হেপাটাইটিস বি বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৩ জানুয়ারি (৯ পৌষ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে যৌথভাবে কর্মসূচির আয়োজন করে ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল ল্যাব সাইন্স ডায়াগনস্টিক।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ওইতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং রিসার্চার ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
ডা শেখ মোহাম্মদ ফজলে আকবর তার বক্তব্যে হেপাটাইটিস বি ভাইরাস কিভাবে ছড়ায় ও ছড়ায় না, বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষোপটে ভাইরাসটির গুরুত্ব ইত্যাদি তুলে ধরেন।
তিনি বলেন, হেপাটাইটিস বি শুধু বাংলাদেশেই নয় বরং পুরো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তা লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। অথচ সারা পৃথিবীর মতো বাংলাদেশেও হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষই জানেন না যে, তারা তাদের লিভারে এ ধরনের একটি ভাইরাসের ইনফেকশন বহন করে চলেছেন।
প্রধান বিচারপতি সেমিনার আয়োজনের জন্য ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার, বাংলাদেশ ও এর চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলকে ধন্যবাদ জানান।
তিনি তার বক্তব্যে জানান যে, বিচারকবৃন্দ তাদের পেশাগত ব্যস্ততার কারণে প্রায়শই নিজেদের শরীরের বিষয় মনোযোগী হতে পারেন না। এই প্রেক্ষাপটে এই ধরনের সেমিনার বিচারপতিবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উচ্চ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহায়ক হবে।
তিনি আশা প্রকাশ করেন যে, ফোরাম ফর দ্যা স্টাটি অব দ্যা লিভার, বাংলাদেশ ভবিষ্যতেও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সঙ্গে যৌথভাবে এই ধরনের কর্মসূচির আয়োজন করবে।
কর্মসূচিতে বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাপিলেড ও হাইকোর্ট ডিভিশনের প্রায় ৭০ জন বিচারপতি উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিতে দুই শতাধিক ব্যক্তির হেপাটাইটিস বি স্ক্রিনিং করা হয়।
এর আগেও বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও ফোরাম ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার বাংলাদেশ সুপ্রীম কোর্টে ফ্যাটি লিভারের উপর একই ধরনের সচেতনামূলক অনুষ্ঠান ও স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করেছিল। সংবাদ বিজ্ঞপ্তি