ঘাতক-দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা

প্রকাশিত January 20, 2024
ঘাতক-দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে আলোচনা সভা

জেসমিন মনসুর, যুক্তরাজ্য : শহীদ জননী জাহানারা ইমাম প্রতিষ্ঠিত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেছেন, এই সংগঠন গড়ে তুলে শহীদ জননী জাহানারা ইমাম ও তার আন্দোলন সহকর্মীরা বৈরী পরিস্থিতি মোকাবিলা করে নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের বেদনা ও গৌরবের বাস্তবতা পুনরায় দৃশ্যমান করে তুলেছিলেন।
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি (৪ পৌষ) স্থানীয় সময় সন্ধ্যায় নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার নবগঠিত নির্বাহী কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আনাস পাশা। সাধারণ সম্পাদক মুনিরা পারভিনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের ইউরোপিয়ান সেক্রেটারি ও কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহসভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, স্মৃতি আজাদ, জামাল আহমেদ খান, নাজমা হোসেন, ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ইউকে শাখার্ কোষাধ্যক্ষ এনামুল হক, সহসাধারণ সম্পাদক জুয়েল রাজ, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, সাংগঠনিক সম্পাদক সুশান্ত দাশ ও সম্পাদকমণ্ডলীর সদস্য জোসনা পারভিন।
বক্তারা বলেন, জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির গণআদালতের কর্মধারায় আইনি বিধিবদ্ধতা অনুসরণ করে অভিযোগপত্র তৈরি ও সমাজের বিশিষ্টজনের সমন্বয়ে গঠিত আদালতে প্রকাশ্যে রায় ঘোষণা একাত্তরের গণহত্যার জন্য দায়ী অপরাধীদের চিহ্নিত করে দেয় সবার কাছে। সমাজে উন্মোচিত হয় তাদের অপরাধ। তারা সদম্ভে রাষ্ট্রপরিসরে বিচরণ করলেও মানুষের কাছে কলঙ্করেখা আর কখনোই লুকাতে পারেনি।
তারা বলেন, ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমাম গণআদালত প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলনের সূচনা করেছিলেন সেই আন্দোলনের মাধ্যমে সঞ্চিত সাহস নিয়েই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পেরেছিলেন। এই বিচার শুধু শুরুই নয়, বিচারের রায় শীর্ষ যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড একে একে কার্যকরের মাধ্যমে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির দীর্ঘ ৩২ বছরের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তেও নিয়ে গেছেন।