বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে হযরত শাহজালালের (র) প্রধান সেনাপতি হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালা (র) সহ ১২০ আউলিয়ার দরবার শরিফের ৭০৩ তম বার্ষিক পবিত্র ওরস মোবারক আগামীকাল রবিবার, ১৪ জানুয়ারি (৩০ পৌষ) থেকে শুরু হচ্ছে।
এ উপলক্ষে দরগা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা দৃষ্টিনন্দন রূপে সাজানো হয়েছে। ৩ দিনব্যাপী ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশের সঙ্গে আনসার ও গ্রামপুলিশ সহায়তা করবে। মেলার আয়োজনও করা হয়েছে। ১৬ জানুয়ারি রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।
মুড়ারবন্দ দরবার শরিফের মোতাওয়াল্লি সৈয়দ সফিক আহম্মেদ সফি চিশতি জানান, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে ওরস মোবারক শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।
এ দিকে শনিবার বিকেলে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মাজার জিয়ারত করেন। দরগা শরিফের মোতাওয়াল্লি সৈয়দ সফিক আহম্মেদ সফি চিশতি তাকে স্বাগত জানান।