নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসমাইল চকগ্রামে একটি প্রভাবশালী গোষ্ঠী লন্ডন প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১১ জানুয়ারি (২৭ পৌষ) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে প্রবাসী মো কমর উদ্দিনের নিকট আত্মীয় মো বাবুল মিয়া জানান, উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চকগ্রামের ওয়াজিদ উল্লার ছেলে তাহের মিয়া ওরফে তেরা মিয়া ও তার ছোটভাই সুজন মিয়া এলাকায় ভূমিখেকো হিসেবে পরিচিত। একই গ্রামের কমর উদ্দিন দীর্ঘদিন ধরে পবিবার পরিজন নিয়ে লন্ডনে বসবাস করছেন। এই সুযোগে তেরা মিয়া ও তার লোকজন কমর উদ্দিনের জমি জাল দলিল ও নামজারির মাধ্যমে তাদের নামে রেকর্ড করে নেয়। পরবর্তী সময়ে জমির খাজনা পরিশোধ করতে গিয়ে বিষয়টি জানা যায়। দলিলের নকল তুলে দেখা যায়, তাতে জমির দাগ, খতিয়ান ও মৌজার সঙ্গে দলিলের কোন মিল নেই। এ ব্যাপারে কমর উদ্দিনের পক্ষে জগন্নাথপুরের সহকারী কমিশনার বরাবর নামজারি রিভিউয়ের জন্য মোকদ্দমা করা হয়।
বাবুল মিয়া জানান, তেরা মিয়ার দলিলে উল্লেখ রয়েছে, এই জমি জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের পশ্চিম গড়গড়িয়া গ্রামের আব্দুর নূরের; কিন্তু বাস্তবে এই জমি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১৮৬ নং জেলে অবস্থিত প্রাণদেব কাপন মৌজায়। তেরা মিয়ার দলিলে বর্ণিত জমির সঙ্গে এই জমির কোন মিল নেই। অথচ এই ভূয়া কাগজপত্রের মাধ্যমে তেরা মিয়ার নামে জমি নামজারি করে নেওয়া হয়।
বাবুল মিয়া জানান, কমর উদ্দিন এই জমির খরিদা সূত্রে মালিক। দীর্ঘদিন ধরে কমর উদ্দিন ও তার স্বজনরা তা ভোগ দখল করে আসছেন। একই সঙ্গে যথাযথ নিয়মে জমির খাজনাও প্রদান করছেন। তেরা মিয়া এই জমির জাল দলিল করার বিষয়টি জানার পর সহকারী কমিশনার বরাবর রিভিউ পিটিশন দিয়ে নামজারি ভাঙার আবেদন করা হয়। এরপর সহকারী কমিশনার বাদি ও বিবাদিকে শুনানির জন্য নোটিশ প্রদান করেন; কিন্তু বিবাদি পক্ষ পর পর ৩টি নোটিশের পরও আদালতে হাজির হয়নি। পরবর্তী সময়ে সহকারী কমিশনার দলিল যাচাই-বাছা্ই করে দেখেন, তেরা মিয়ার দলিলটি জাল। এ অবস্থায় নামজারি জমাভাগের আবেদন নামঞ্জুর সিদ্ধান্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। একই সঙ্গে এই মৌজায় ৩ একর ১৯ শতক জমি ১১ নম্বর খতিয়ানে পুনর্বহাল করার আদেশ প্রদান করা হয়।
বাবুল মিয়া জানান, এরপরও থামেনি তেরা মিয়া ও তার চক্রের লোকজন। তারা এই জমির দেওয়াল নির্মাণে বাঁধা প্রদান করছে। এমনকি বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে। এ অবস্থায় প্রবাসী কমর উদ্দিনের স্বজনরা নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা চান।