বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামে ছোট ভাইদের চলাচলের রাস্তা বড় ভাই ও ভাতিজারা কেটে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০০১ সালে পাইকপাড়া গ্রামের আব্দুন নূর মারা যান। মৃত্যুকালে তিনি রেখে যান ৭ ছেলে। পিতার মৃত্যুও পর বড় ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আকছির মিয়ার সঙ্গে অপর ৬ ছেলের পৈত্রিক সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ দেখা দেয়।
বিরোধের জের ধরে আকছির মিয়া গত ৩০ ডিসেম্বর তাদের বাড়ির চলাচলের রাস্তাটি জোরপূর্বক কাটতে যান। এসময় আব্দাল হোসেনসহ অন্য ভাইয়েরা তাকে বাধা দেন; কিন্তু আকছির মিয়া তাতে কর্ণপাত করেননি।
আব্দাল হোসেনরা বিষয়টি সম্বন্ধে গ্রামের মুরব্বিদের অবগত করলে তারা এসে আকছির মিয়াকে রাস্তাটি না কাটার জন্য অনুরোধ করেন; কিন্তু মুরব্বিদের অনুরোধ না মেনে তিনি রাস্তার মাটি কেটে জমির পরিধি বৃদ্ধি করেছেন।
এ ব্যাপারে আব্দাল হোসেনরা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বর এসআই মোশাহিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি রাস্তা না কেটে সকলকে শান্ত থাকার পরামর্শ দেন।
ক্বারী আব্দাল হোসেন জানান, প্রায় ৬০ বছর পূর্বে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল।
আকছির মিয়া জানান, এখানে কোনো রাস্তা নেই। তার খালি জায়গার উপর দিয়ে অন্যরা যাতায়াত করছিলেন। এখন জায়গাটি তিনি অন্য কাজে ব্যবহার করতে যাচ্ছেন। তাই খালি রাখতে পারছেন না।