বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহম্মেদ বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে। সকলে মিলে ভোট কেন্দ্রে গেলেই ভোট বিরোধী ও দেশ বিরোধীরা এক শতাংশে পরিণত হবে। মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তথা শেখ হাসিনা হবেন ৯৯ শতাংশ।
রবিবার, ৩১ জানুয়ারি (১৬ পৌষ) সম্প্রীতি বাংলাদেশের উদ্যোগে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘শেখ হাসিনায় আস্থা’ শিরোনামে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপাচার্য ‘কোভিড ভ্যাকসিন’ বিনামূল্যে সরবরাহ থেকে শুরু করে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণসহ প্রধানমন্ত্রীর চিকিৎসা ক্ষেত্রে অবদানের পরিসংখ্যান তুলে ধরেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ।
পীযূষ বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বাংলাদেশ বজায় রাখার আহবান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে থাকবে।
তিনি আগামী নির্বাচনে সকলকে ভোট কেন্দ্র গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।
সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব খ্যাতিমান চিকিৎসক অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় চিকিৎসক সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামূল হক ভূঁইয়া, সম্প্রীতি বাংলাদেশের যুগ্মআহবায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা উত্তম বড়ুয়া, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অধ্যাপক ডা রেজাউল আমিন টিটু, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা রাহাত হোসেন, প্রামাণ্যচলচ্চিত্র নির্মাতা, সাইফ আহম্মেদ, বঙ্গবন্ধু গবেষক আফিজুর রহমান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ডা অনুপম সাহা প্রমুখ।