শাল্লা আওয়ামী লীগের সভাপতি অলিউল হকের মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশিত December 29, 2023
শাল্লা আওয়ামী লীগের সভাপতি অলিউল হকের মৃত্যুতে শোকের ছায়া

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো অলিউল হক আর নেই।
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর (১৩ পৌষ) দিনগত রাত ১টা ৪৫ মিনিটে উপজেলার কাশিপুর গ্রামে নিজের বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়ির সামনের মাঠে জানাজার পর কাশিপুর পাঞ্জেগানা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মো অলিউল হকের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের শাল্লা উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব ও যুবলীগ নেতা ফখরুল ইসলাম সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।