ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভায় ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার আহবান

প্রকাশিত December 29, 2023
ইউকে ওয়েলস আওয়ামী লীগের সভায় ‘নৌকা’ মার্কায় ভোট দেওয়ার আহবান

বদরুল মনসুর, যুক্তরাজ্য : বাংলাদেশের ৫২ তম মহান বিজয় দিবস পালন উপলক্ষে ইউকে ওয়েলস আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক ‘নৌকা’য় ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ২৪ ডিসেম্বর কার্ডিফের একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ওয়েলস আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ফিরোজ আহমদের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য ওয়েলস আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মকিস মনসুর, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, লিয়াকত আলী, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমেদ শিবুল, জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মুমিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ ও কুলাউড়া সোসাইটির সাধারণ সম্পাদক বদর উদ্দিন চৌধুরী বাবর।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ আহমদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ‘নৌকা’র বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যার হাতে আবার দেশ পরিচালনার দায়িত্ব অর্পণের বিকল্প নেই।