৭১’র চেতনায় লিভার বিশেষজ্ঞ ক’জনার নির্বাচনী প্রচার সংগীতের সম্প্রচার

প্রকাশিত December 22, 2023
৭১’র চেতনায় লিভার বিশেষজ্ঞ ক’জনার নির্বাচনী প্রচার সংগীতের সম্প্রচার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭১’র চেতনায় লিভার বিশেষজ্ঞ ক’জনা প্রযোজিত নির্বাচনী প্রচার সংগীত ‘ভোট দিব সবাই’র আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর (৬ পৌষ) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিঞা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো শারফুদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ঝুনা চৌধুরী, মিউজিক ভিডিওটির নির্মাতা সাইফ আহম্মেদ ও গীতিকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ।
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের লিভার বিভাগের সহকারী অধ্যাপক ডা রোকসানা বেগম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের কনসালটেন্ট ডা ফয়সাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ভোট দিব সবাই’ গানটির আনুষ্ঠানিক সম্প্রচার শুরু ও গানটির পোস্টার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
আলোচনাকালে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে ডা শেখ মোহাম্মদ নূর-ই-আলম ডিউ জানান, আগুন সন্ত্রাসী ও মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার হরণ করার চক্রান্তে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে তার প্রতিবাদ এই গানটি। এর মাধ্যমে তিনি আগামী নির্বাচনে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটদানে মানুষকে উদ্বুদ্ধ করতে চান।
মিউজিক ডিভিওটির নির্মাতা সাইফ আহম্মেদ বলেন, বর্তমান সরকারের সময়ে এত বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে যে এর সবগুলো তিনি সাড়ে চার মিনিটের এই মিউজিক ভিডিওটির স্বল্প পরিসরে তুলে ধরতে পারেননি।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী জানান, লিভার বিশেষজ্ঞদের এই গানটি শুনে তার কলিজা জুড়িয়ে গেছে।
অধ্যাপক ডা মো শারফুদ্দিন আহমেদ অন্যান্য ক্ষেত্রের মতো দেশে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রাপ্ত উন্নত চিকিৎসা সুবিধাগুলোর কথা তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এদেশ থেকে আর কেউ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেননা।
সাংবাদিক শ্যামল দত্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তৃতীয় মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে প্রত্যাশা করেন, ‘১৯৭১ সালে যেভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের পরাজিত করেছিলাম এবং বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে পাকিস্তানি দোসরদের ক্ষমতা থেকে অপসারণ করে দ্বিতীয়বার মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিলাম, তেমনি আগামী নির্বাচনে তৃতীয় মুক্তিযুদ্ধেও আমাদের বিজয় সুনিশ্চিত।’
পীযূষ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বঙ্গবন্ধুর নির্বাচনী জনসভাগুলোর শুরুতে উদ্দীপনামূলক সংগীত পরিবেশনের স্মৃতিচারণ করে বলেন, ব্যতিক্রমী এই নির্বাচনী সংগীতটি আগামী নির্বাচনে মানুষকে ভোট কেন্দ্রে গিয়ে ভোটদানে উদ্বুদ্ধ করবে।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক গানটির কথা, সুর ও গায়কির উচ্ছ্বসিত প্রশংসা করে একে হারানো দিনের আধুনিক বাংলা গানের সঙ্গে তুলনা করেন।
সংগীতের প্রতি তার নিজের ভালবাসার কথা জানিয়ে তিনি গানটির ব্যাপক প্রচারের উপর জোর দেন, যাতে মানুষ আরও বেশি বেশি করে ভোটদানে আগ্রহী হয়ে উঠে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্লীল জানান, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি এদেশের লিভার বিশেষজ্ঞদের কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার জায়গা থেকে তারা এই গানটির প্রযোজনার উদ্যোগ নিয়েছেন।
তিনি ও গানটির গীতিকারসহ এই গানটির সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক লিভার বিশেষজ্ঞ চারদলীয় জোট সরকারের সময় দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি জানান, তারা প্রত্যেকে তাদের ছাত্র রাজনীতির এই অতীত সম্পৃক্ততার জন্য গর্বিত এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতি তাদের দায়বদ্ধতা থেকেও তারা এই গানটি প্রযোজনা করেছেন।
আগামী নির্বাচনে ব্যাপকভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের মাধ্যমে জাতিকে তৃতীয় মুক্তিযুদ্ধে বিজয়ী হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত দ্বিতীয় বিপ্লব সফল করতে তিনি আহবান জানান।
কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, গানটি ইউটিউবে এই https://youtu.be/xg1TNmxVp70?si=lrhvEAQX3Wd8YZnK লিংয়ে পাওয়া যাবে। সংবাদ বিজ্ঞপ্তি