অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের পরিবেশ নিশ্চিতে জকিগঞ্জ পৌরসভায় স্মারকলিপি

প্রকাশিত December 10, 2023
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের পরিবেশ নিশ্চিতে জকিগঞ্জ পৌরসভায় স্মারকলিপি

জকিগঞ্জ প্রতিনিধি : হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীরচর্চা, কায়িক পরিশ্রম ও হাঁটার পরিবেশ নিশ্চিতে জকিগঞ্জ পৌরসভাকে কার্যকর উদ্যোগ নিতে সেন্টার ফর ল এ্যান্ড পলিসি এ্যাফেয়ার্স ও সিটিজেন নেটওয়ার্কের পক্ষে সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি-এসডিএস জকিগঞ্জ পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে।
রবিবার, ১০ ডিসেম্বর দুপুরে এসডিএস নেতৃবৃন্দ জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদের কাছে স্মারকলিপি দিয়ে অসংক্রামক রোগ কমিয়ে আনতে পুরাতন লঞ্চঘাটের পশ্চিম পাশে ওয়াকওয়ে নির্মাণ, কেছরী জামে মসজিদ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড ও এম এ হক চত্বর থেকে স্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড স্থানান্তর এবং জকিগঞ্জ পৌর এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করা দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন এসডিএসের সভাপতি অপূর্ব পাল, নির্বাহী পরিচালক মো আব্দুল হামিদ ও জুবায়ের আহমদসহ ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
তারা জানান, বর্তমান সময়ে অতিরিক্ত স্থুলতা, ওজন ও অপুষ্টিকেই অসংক্রামক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ডায়াবেটিস, সিওপিডি, হৃদরোগ, স্ট্রোক ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসংক্রামক রোগ বিশ্বে প্রতিরোধযোগ্য মৃত্যুর অন্যতম কারণ। বর্তমানে বাংলাদেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগজনিত। অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের অভ্যাস, তাজা শাক-সবজি-ফল-মূল কম খাওয়া, শরীরচর্চা, ব্যায়াম বা অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, মাদক সেবন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার এবং পরিবেশ দূষণ অসংক্রামক রোগ সৃষ্টির অন্যতম কারণ।