সিলেটের মানুষ সবসময়ই নেতৃত্ব দিয়ে গেছেন : ড প্রভাত কুমার সিনহা

প্রকাশিত December 7, 2023
সিলেটের মানুষ সবসময়ই নেতৃত্ব দিয়ে গেছেন : ড প্রভাত কুমার সিনহা

প্রবীণ শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড প্রভাত কুমার সিনহা বলেছেন, সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি অনেক সমৃদ্ধ, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সিলেটিদের সবসময় গর্বিত করে। তবে দেশভাগের কারণে মাঝখানে সীমানা দেয়াল তৈরি হওয়ায় এতে কিছুটা বিচ্যুতি তৈরি হয়েছে। এই বিচ্যুতি কাটিয়ে উঠার লক্ষ্যে এ অঞ্চলের ভাষা-সংস্কৃতির উন্নয়নে কাজ করে যেতেই হবে।
তিনি আরও বলেছেন, সিলেটের মানুষ সবসময়ই দেশ-জাতির অধিকার আদায়ের আন্দোলনে শুধু সোচ্চার নয়-নেতৃত্বও দিয়ে গেছেন। আর এসব আন্দোলনে বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি মণিপুরী সমাজসহ অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য; কিন্তু সেই ইতিহাস ক্রমেই বিস্মৃত হয়ে পড়ছে গভীর অনুসন্ধান ও গবেষণার অভাবে। এজন্য আন্দোলন-সংগ্রামের প্রকৃত ইতিহাস উদ্ধার ও সংরক্ষণে আরও অনুসন্ধান ও গবেষণা জরুরি হয়ে উঠেছে।
বুধবার, ৬ ডিসেম্বর রাতে মণিপুরী সমাজকল্যাণ সমিতি, সিলেট জেলা শাখা আয়োজিত তার ৩টি বইয়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সাবেক উপাধ্যক্ষ, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা নন্দকিশোর সিংহ।
তিনি বলেন, বিভিন্ন আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে আনলে তাতে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অবদানের কথা উঠে আসবে।
মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সংগ্রাম সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
তিনি বলেন, সিলেটের সংস্কৃতি ও ঐতিহ্য উজ্জ্বল করে রাখতে মণিপুরীদের অসামান্য অবদান রয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল সিংহ, ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা কান্ত সিংহ, মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ, বিএমবিডিএফ চেয়ারম্যান জিতেন বাবু সিংহ, ক্রীড়াবিদ ও মণিপুরী সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সহসভাপতি দীপাল কুমার সিংহ, ডা উচিত কুমার সিনহা, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী পারভেজ কৈরী কনক, মণিপুরী সমাজকল্যাণ সমিতি জেলা শাখার সহসাধারণ সম্পাদক রনজিৎ কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক লিপু সিংহ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল কুমার সিংহ, ব্যাংকার ও ফিউচার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সঞ্জয় সিংহ, সমাজকল্যাণ সমিতি মাছিমপুর শাখার সভাপতি রমেন্দ্র কুমার সিংহ বাপ্পা, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবত সংঘের এডমিন নীহারিকা সিনহা, পুরোহিত দেবাশীষ শর্মা, সমাজসেবী হাবিবুর রহমান চৌধুরী ও দীপক শর্মা। সংবাদ বিজ্ঞপ্তি