বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাড়ে ৯ লাখ টাকায় কেনা ট্রাক উদ্ধারের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার, ২৬ নভেম্বর সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসাদুর রহমান বলেন, তার বড় ভাই আতিকুর রহমান মালয়েশিয়া প্রবাসী। ছুটিতে দেশে এসে তিনি নগদ সাড়ে ৯ লাখ টাকা দিয়ে গত বছরের ২৬ সেপ্টেম্বর জামালগঞ্জ উপজেলার ছেলাইয়া গ্রামের মো রিয়াদ হাসান সানুর নিকট থেকে একটি ট্রাক ক্রয় করেন। ক্রেতা-বিক্রেতা একই গ্রামের হওয়ায় স্টাম্পে স্বাক্ষরের মাধ্যমে মূল্য পরিশোধ করা হয়।
কিন্তু গত ১ আগস্ট হঠাৎ করে বিক্রেতা রিয়াদ হাসান সানু অপর দুই ব্যক্তিসহ কয়েকজন পুলিশ নিয়ে তাদের নিকট থেকে ট্রাকটি জোরপূর্বক নিয়ে যান। এ ব্যাপারে আসাদুর রহমান বাদি হয়ে ২১ আগস্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলন আসাদুর রহমান তাদের ট্রাকটি উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছেলাইয়া গ্রামের মো দিলোয়ার হোসেন, রাসেল মিয়া, কবির হোসেন, জিল্লুর রহমান, ওয়াকিব মিয়া, রুবেল মিয়া, রইছ মিয়া ও আমজদ হোসেন।