হবিগঞ্জে কয়েকটি গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ || কয়েকজন টেটাবিদ্ধ

প্রকাশিত November 21, 2023
হবিগঞ্জে কয়েকটি গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ || কয়েকজন টেটাবিদ্ধ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ শহরতলির আলমবাজারে ইজিবাইক ভাংচুর ও চালককে মারপিটের জের ধরে কয়েকটি গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে টেটাবিদ্ধ আছেন কয়েকজন। আহতদের কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আলমবাজারে ইজিবাইক স্ট্যান্ড নিয়ে বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া, হিয়ালা, মক্রমপুর, নিশ্চিন্তপুর ও টুপিয়াজুড়ী গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার, ২০ নভেম্বর বিকেলে স্ট্যান্ড এলাকায় টুপিয়াজুড়ী গ্রামের দ্ইু ইজিবাইক চালকের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে স্ট্যান্ড ম্যানেজার আশিক মিয়া দু’জনকে স্ট্যান্ড থেকে বহিষ্কার করেন। এ নিয়ে ম্যানেজারের সঙ্গে চালক দু’জনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আশিক মিয়ার পক্ষ নিয়ে কয়েক ব্যক্তি চালকদের মারপিট ও তাদের ইজিবাইক ভাংচুর করে।
এ খবর ছড়িয়ে পড়লে টুপিয়াজুড়ী, হিয়ালা ও মক্রমপুর গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নয়াপাথারিয়া গ্রামের দিকে ছুটে গেলে নয়াপাথারিয়া গ্রামবাসীর সঙ্গে হবিগঞ্জ-সুজাতপুর সড়কের নকলার আব্দা এলাকায় দ’পক্ষের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে নয়াপাথারিয়া গ্রামের পক্ষে পুরান পাথারিয়া এবং আনোয়ারপুরসহ আশপাশের গ্রামবাসীও অংশ নেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।