নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পুলিশের তৎপরতায় আরও একটি মেছোবাঘ বন বিভাগের মাধ্যমে বনে নিরাপদ আশ্রয়ে ফিরছে।
বৃহস্পতিবার, ৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলংকারী এলাকাবাসী প্রাপ্তবয়স্ক একটি মেছোবাঘ আটক করেন।
খবর পেয়ে সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশ্বনাথ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মেছোবাঘটিকে নিজেদের হেফাজতে নেয়।
পরে মেছোবাঘটি যাতে প্রকৃতির নিরাপদ আশ্রয় লাভ করতে পারে সে জন্য বন বিভাগ কর্তৃপক্ষকে অবহিত করা হয়। বন বিভাগের পক্ষে বীরেশ চন্দ্র কর মেছাবাঘটি গ্রহণ করেন। প্রাণীটিকে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর বিশ্বনাথে উদ্ধার হওয়া আরও একটি মেছোবাঘ জেলা পুলিশের তৎপরতায় বন বিভাগের মাধ্যমে খাদিমনগর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। সূত্র তথ্য বিবরণী