হাওরের জনপদ শাল্লায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব আরোপ

প্রকাশিত November 1, 2023
হাওরের জনপদ শাল্লায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গুরুত্ব আরোপ

শাল্লা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ‘কোথাও এক ইঞ্চি আবাদি জমি যেন পতিত না থাকে’ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার, ১ নভেম্বর যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব বলেন, শাল্লা হাওর অঞ্চল। বর্ষায় হাওরের জমিতে প্রচুর পলি পড়ে। এখানকার আবহাওয়া কৃষির জন্য খুবই উপযুক্ত। ভূমিও খুব উর্বর। বেকার যুবকরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হাঁস, মুরগী, গরু, ছাগল ও ভেড়া পালন এবং মাছ চাষ সহ বিভিন্ন বিষয়ে যান্ত্রিক প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূর করতে পারেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও আত্মকর্মীগণ আলোচনায় অংশ নেন।
তারা স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের দায়িত্ব পালনের আহ্বান জানান।