মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের শ্যামল দেব নামে একজনের ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
রবিবার, ২৯ অক্টোবর দুপুরে শ্যামল দেব কিছু শ্রমিক নিয়ে কালিরবাজার এলাকায় তার নিজের জায়গায় নির্মাণাধীন ঘরের কাজ করাতে গেলে আহাম্মদপুর গ্রামের এখলাছুর রহমান রুকু মিয়া ও তার লোকজন এসে বাধা দেয়। এ সময় শ্যামল দেবের উপর আক্রমণ চালানোর চেষ্টা করা হয়। তবে স্থানীয় লোকজনের বাধায় তা সম্ভব হয়নি। এই ঘটনার পর শ্যামল দেব ভয়ে তার শ্রমিকদের নিয়ে সেখান থেকে চলে যান।
এর আগে শ্যামল দেব হবিগঞ্জের জেলা প্রশাসক ও সিলেট রেঞ্জের ডিআইজির নিকট ঘর বানাতে বাধা দেওয়ার বিষয়ে অভিযোগ করেন; কিন্তু কোনো ফল পাননি।।
শ্যামল দেবের অভিযোগ এখলাছুর রহমান রুকু মিয়া কয়েক বছর যাবত ঘর নির্মাণে বাধা দিচ্ছেন। তাকে হুমকি দিচ্ছেন হত্যার। এ ব্যাপারে তিনি মাধবপুর থানায় ৩টি জিডি করেছেন।
অন্যদিকে এখলাছুর রহমান রুকু মিয়ার দাবি, জায়গাটি তার বন্ধক নেওয়া। টাকা ফেরৎ পেলে তিনি জায়গা ছেড়ে দিবেন।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে।