বিএনপি আহুত হরতালের সংবাদ সংগ্রহকালে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মামুন হোসেনের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রবিবার, ২৯ অক্টোবর এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক।
সাংবাদিক নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
তারা আরও বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির সংবাদ সংগ্রহ করে তা জনগণের সামনে উপস্থাপন করেন। এ দায়িত্ব পালনকালে তাদের উপর আক্রমণের ঘটনা বা নিরাপত্তা বিঘ্নিত হওয়া মোটেই কাম্য নয়।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সকল রাজনৈতিক দল ও নিরাপত্তা বাহিনী আন্তরিকতার পরিচয় দেবে।
উল্লেখ্য, সকালে মহানগরীর দরগা গেইট এলাকায় হরতালের সংবাদ সংগ্রহকালে ফটো সাংবাদিক মামুন হোসেনের সাইকেল ভাঙচুর করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি