বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই : আল আমিন চৌধুরী

প্রকাশিত October 21, 2023
বঙ্গবন্ধুর সোনার বাংলায় সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই : আল আমিন চৌধুরী

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার, ২১ অক্টোবর শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজার কালী মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতি বছর তারা আনন্দ-উচ্ছ্বাসে সকল ভেদাভেদ ভুলে পূজা উদযাপন করে থাকেন; কিন্তু মাঝে মধ্যে অপশক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে উদ্যত হয়। তবে সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সাম্প্রদায়িক অপশক্তির স্থান নেই।
কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, জাতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনাদি তালুকদার ও আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার সহ অন্যান্য নেতা।