বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ৬ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা, সদর উপজেলা শাখা ও পৌর শাখার যৌথ উদ্যোগে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র বণিক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক রবিন আচার্য্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি দীপক ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী।
সভায় জানানো হয়, এ বছর জেলায় ৪৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া সার্বিক নিরাপত্তাসহ প্রতিটি পূজামণ্ডপ কর্তৃপক্ষ সচেতন থেকে প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার জন্যে আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে সংখ্যালঘু সুরক্ষা আইনসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।