মাধবপুর প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৫ অক্টোবর বিকেলে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মনজুর আহসান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের মাধবপুর–চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মাধবপুর উপজেলা শাখার সভাপতি হরিশ চন্দ্র দেব ও অন্যরা।
পরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলোতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।