বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার, ৫ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিভাগীয় প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক, একুশে টিভির সিইও বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস ও কো অর্ডিনেটর অর্পিতা কাঞ্জিলাল, পশ্চিমবঙ্গের বিশিষ্ট ইএনটি বিশেষজ্ঞ ডা দুলাল ও বিশিষ্ট ইউরোলজি বিশেষজ্ঞ ডা শিবাজি বোস।
বক্তারা দুই বাংলায় ও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং পেশাগত অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যেমে বাঙালি ও বাংলাদেশের বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন।
তারা আশা প্রকাশ করেন, দেশে দেশে ছড়িয়ে থাকা বাঙালি চিকিৎসা বিশেষজ্ঞরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে দেশে-বিদেশে আরও সুনাম ও দক্ষতার সঙ্গে মানুষকে সেবা দিয়ে যাবেন। সংবাদ বিজ্ঞপ্তি