নবী ছিলেন সূর্যের চেয়েও উজ্জ্বল : শাল্লায় আল্লামা নূরুল ইসলাম খান

প্রকাশিত September 28, 2023
নবী ছিলেন সূর্যের চেয়েও উজ্জ্বল : শাল্লায় আল্লামা নূরুল ইসলাম খান

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে আয়োজিত বার্ষিক সীরাতুন্নবী (স) মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান বলেছেন, ‘হযরত মুহাম্মদ (স) আমার নবী পেয়ারা নবী, আমার নবী রহমতের নবী, আমার নবীকে পাথর চিনতো, গাছপালা বৃক্ষরাজি চিনতো, জ্বীনও চিনতো। আমার নবী ছিলেন সূর্যের চেয়েও উজ্জ্বল। আমার নবী ছিলেন রাহমাতুল্লিল আলামিন। আমার নবী ছিলেন বিশ্বমানবতার দূত। আমার দয়াল নবী ছিলেন সমস্ত জ্বীন-পরী-মানুষ সহ সমস্ত দুনিয়া তথা সকল সৃষ্টির জন্য রহমত।’
উপজেলা সদরে শাহীদ আলী মডেল উচ্চবিদ্যালয় মাঠে বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর বাদ জোহর শাল্লা উপজেলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে এই প্রথম বার্ষিক সীরাতুন্নবী (স) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের উপর আলোচনা করে সকলকে আল্লাহ ও রাসুলের বিধান মেনে ইসলামের আলোয় জীবন যাপনের আহবান জানান।
শাল্লা উপজেলা উলামা পরিষদের সভাপতি ও জামেয়া মোস্তাফিয়া শাল্লার নায়েবে মুহতামিম মাওলানা মোয়াজ্জম আল হুসাইনের সভাপতিত্বে ও উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা টাইটেল মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি হোসাইন সারোয়ার।
এছাড়াও উলামায়ে কেরামগণ ঈমান ও আমলের উপর বয়ান পেশ করেন।