গ্রাসরুটসের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত September 27, 2023
গ্রাসরুটসের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দফা দাবি উত্থাপন করেছে।
বুধবার, ২৭ সেপ্টেম্বর দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় এই দাবি পূরণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ডা নাফিসা শবনম উল্লেখ করেন, ১৯৯৮ সালের ২৮ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেওয়া সংগঠনটি ইতোমধ্যে দেশের ৬৮ জেলায় বিস্তৃতি লাভ করেছে। সারা দেশে এখন ১৮ হাজারের বেশি সদস্য নিজ নিজ জীবনমান উন্নয়নে কাজ করছেন। গত ২৫ বছরে নানা বাধা-বিপত্তি অতিক্রম করে গ্রাসরুটস এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীর সংগঠন হিসেবে গড়ে উঠেছে।
তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার সমগোত্রীয় সংগঠনগুলো একত্রিত হয়ে গড়ে উঠেছে সাউথ এশিয়ান গ্রাসরুটস ফোরাম-এসএজিডিএফ, যার নেতৃত্ব দিচ্ছে গ্রাসরুটস। এ গৌরব সমগ্র সিলেটবাসীর। কোনো ধরনের বৈদেশিক পুঁজি না নিয়ে জনগণের সহযোগিতায় সংগঠনটি আজকের অবস্থানে পৌছতে পেরেছে।
ডা নাফিসা শবনম সংগঠনের পক্ষ থেকে ৫ দফা দাবিসহ নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে করণীয় বিষয়ে বক্তব্য তুলে ধরেন।
গ্রাসরুটসের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, সবধরনের সিন্ডিকেট কঠোরভাবে দমন, নামমাত্র খরচে সহজ শর্তে ট্রেড লাইসেন্স প্রদান, হোমবেসড ওয়ার্কারদের অধিকারসমূহ নিশ্চিত করার লক্ষ্যে আইএলও সনদ বাস্তবায়ন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল রাজনৈতিক দলকে সহনশীল ভূমিকা পালনের পাশাপাশি সাম্প্রদায়িক ও জঙ্গীগোষ্ঠীকে কঠোরভাবে দমন এবং ইউনিয়ন থেকে বিভাগ পর্যন্ত নারী উদ্যোক্তাদের প্রয়োজনভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উৎপাদিত পণ্যের বাজার সুবিধা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানসহ সবধরনের ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি চৌধুরী নাদিরা সুলতানা, সাংগঠনিক সম্পাদক ফাতেমা সুলতানা, অর্থ সম্পাদক রায়হানা খানম রেশমা, মহানগর সহসভাপতি রুমা চৌধুরী, গ্রাসরুটসের প্রধান নির্বাহী হিমাংশু মিত্র ও মহানগর সদস্য সালমা বেগম সুমী।