হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

প্রকাশিত September 9, 2023
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
এ লক্ষ্য নিয়ে তিনি শুক্রবার, ৮ সেপ্টেম্বর রাতে হবিগঞ্জ জেলা সদরে একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাজনীতির মাঠে কাজ করতে অনুপ্রেরণা যুগিয়েছেন। এছাড়া তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন আহমদের ছেলে। তার বাবা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। বড় ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মিনহাজ উদ্দিন শরীফ রাসেল নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক। ছোট ভাই নিজাম উদ্দিন শরীফ জনি যুক্তরাজ্য প্রবাসী। একসময় যুবলীগের নেতৃত্বে ছিলেন।
মতবিনিমিয়কালে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, আগামীর বিশ্ব হবে তারুণ্য নির্ভর। তাই প্রতিটি দেশ তরুণদেরকে সামনে নিয়ে আসছে। যেমনি বাংলাদেশেও প্রধানমন্ত্রী তরুণদেরকে প্রাধান্য দিচ্ছেন।
ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, তরুণদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তিনি নিজ এলাকাকে বদলে দিতে চান।