গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ২২৪ বস্তা ভারতীয় চিনি আটক || গ্রেফতার ১

প্রকাশিত September 2, 2023
গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ২২৪ বস্তা ভারতীয় চিনি আটক || গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলায় সীমান্তে চোরাচালান রোধ ও চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও গ্রেফতারে জেলা পুলিশের তৎপরতার ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলায় পৃথক পৃথক অভিযানে ২২৪ বস্তা ভারতীয় চিনি আটক ও একজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো জহিরুল ইসলাম খান ফোর্সসহ রাত্রিকালীন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে শনিবার ভোর সোয়া ৪টার উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় ইছামতী নদীরপারে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ওজনের ১২১ বস্তা ভারতীয় চিনি আটক করেন।
এছাড়া এসআই পিন্টু সরকার ফোর্সসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে একই রাত ১২টার দিকে উপজেলার হাজিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহবুবুর রহমানকে ৫০ কেজি ওজনের ৩ বস্তা ভারতীয় চিনি ও ১টি লাল-কালো রঙের টিভিএস মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।
অপরদিকে এসআই (নি) মো এনামুল হাসান ফোর্সসহ আগেরদিন শুক্রবার চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে রাত সোয়া ৯টার দিকে পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দিতে পলাতক আসামি আকবর ও আমির আলীর বসতঘর হতে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ভারতীয় চিনি আটক করেন। এ সময় গ্রামের নূরুল আমিনের ছেলে সজিব মিয়া এবং মৃত হাবিব আলীর ছেলে আকবর আলী ও আমির আলী দৌঁড়ে পালিয়ে যায়।
এসব ব্যাপারে গোয়াইনঘাট থানায় আলাদা আলাদা মামলা রুজু হয়েছে।