মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগমের বেতের আঘাতে শিশু শিক্ষার্থী মেহেদী হাসানের চোখের ক্ষতি হওয়ার ঘটনায় গ্রামবাসী এই শিক্ষিকার বহিষ্কার ও শাস্তি দাবি করেছেন।
রবিবার, ২০ আগস্ট দুপুরে বানিয়াপাড়া গ্রামের শতাধিক নারী-পুরুষ-শিশু বিদ্যালয়ের মাঠে জড়ো হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এই দাবি জানান।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট বানিয়াপাড়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে মেহেদী হাসান বিদ্যালয়ে দুষ্টুমি করলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোর্শেদা বেগম তাকে লক্ষ্য করে বেত ছুঁড়ে মারেন। বেতটি গিয়ে লাগে শিশু মেহেদী হাসানের চোখে। এতে তার চোখে জখম হয়। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।