জুড়ীতে অন্যের নামে ঋণের টাকা তুলে ব্যাংক কর্মকর্তা লাপাত্তার অভিযোগ

প্রকাশিত August 13, 2023
জুড়ীতে অন্যের নামে ঋণের টাকা তুলে ব্যাংক কর্মকর্তা লাপাত্তার অভিযোগ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ীতে এক ব্যাংক কর্মকর্তা এক ব্যক্তির নামে ৫০ হাজার টাকা ঋণ তুলে নিয়ে লাপাত্তা হয়ে গেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এতে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের মো আব্দুল হকের ছেলে ব্যবসায়ী মো এখলাছ অভিযোগ করেছেন, তিনি ব্যবসায় বিনিয়োগের উদ্দেশ্যে ঋণ নিতে ৪/৫ মাস আগে পল্লী সঞ্চয় ব্যাংক জুড়ী শাখার কর্মকর্তা কামরুল হাসান মজুমদারের সঙ্গে যোগাযোগ করেন। এই কর্মকর্তা তাকে ঋণ দিতে সম্মতি প্রকাশ করে তার ছবি, জাতীয় পরিচয়পত্র ও ট্রেড লাইসেন্সের ফটোকপি এবং ২০০ টাকাসহ আবেদন জমা নেন। এরপর থেকে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে আবেদরকারীকে জানান, তার নামে এখনও ঋণ বরাদ্দ হয়নি।
কিন্তু গত ২৪ জুলাই পল্লী সঞ্চয় ব্যাংক জুড়ী শাখার ঋণের কিস্তি গ্রহণকারী কর্মকর্তা মো এখলাছকে ফোনে ঋণের কিস্তি দেওয়ার তাগিদ দিলে ঘটনাটি ধরা পড়ে।
মো এখলাছ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, এক মাস আগেই তার নামে ঋণ উত্তোলন করা হয়েছে।
এদিকে কামরুল হাসান মজুমদার আবেদনকারীর স্বাক্ষর জাল করে ঋণের টাকা তুলে ছুটিতে বাড়িতে চলে যান বলে মো এখলাছ অভিযোগ করেছেন।
এ বিষয়ে জানতে কামরুল হাসান মজুমদারের মুঠোফোনে বারবার কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।
পল্লী সঞ্চয় ব্যাংক জুড়ী শাখার ব্যবস্থাপক দীপঙ্কর কুমার চন্দ এ বিষয়ে অভিযোগ পেয়েছেন বলে উল্লেখ করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ খতিয়ে দেখা হবে।