হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীর আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বলেছেন, বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতিটি ধাপে বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে নয়-একজন নীরব দক্ষ সংগঠক হিসেবে বঙ্গমাতা ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন জাতির পিতার ছায়াসঙ্গী। তাকে হিমালয়সম আসনে অধিষ্ঠিত করতে তার অবদান ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে আছে।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুর সকল সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নেপথ্যের প্রেরণাদায়ী ছিলেন।
মঙ্গলবার, ৮ আগস্ট শাল্লা উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা গণমিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস, সহকারী কমিশনার (ভূমি) মো আলাউদ্দিন ও শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কালিপদ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আব্দুস সাত্তার মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জ্যেষ্ঠ প্রশিক্ষক মো নুরুল আমিন।
পরে একই স্থানে শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।