জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে আলোচিত আব্দুল হামিদ কালা হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি আব্দুল জলিল মাস্টার এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
সোমবার, ৩১ জুলাই বিকেলে জুড়ীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হার্ট অ্যাটাকে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় তিনি এলাকায় ছিলেননা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বড়ভাই আব্দুল হামিদ কালা একজন ঝুঁকিপূর্ণ হৃদরোগী ছিলেন। মৃত্যুর আগের দিন রাতে খুব বেশি জ্বরে আক্রান্ত হন। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে তাদের ছোট ভাই ফারুক আহমেদের বাটোয়ারাকৃত ও নামজারীকৃত জমিতে বর্গাচাষীর হালচাষকে কেন্দ্র করে আব্দুল হামিদ কালা ও ফারুক আহমদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। তাকে কেউ স্পর্শ পর্যন্ত করেনি।
তিনি তখন জুড়ী শহরে নিজের বাসায় অবস্থান করছিলেন দাবি করে আব্দুল জলিল মাস্টার বলেন, বাক-বিতণ্ডা চলাকালে আব্দুল হামিদ কালার ছেলে আপ্তাব উদ্দিন লম্বা দা নিয়ে দৌড়ে এসে ফারুক আহমদকে কোপাতে উদ্যত হলে ছেলের কাণ্ড আব্দুল হামিদ কালা বুকে ব্যথা অনুভব করে সড়কে বসে পড়েন। তার স্ত্রীসহ নিকট আত্মীয় তিনজন তাকে ধরে কাছেই বাড়িতে নিয়ে যান। এরপর তার স্ত্রী ছালেহা বেগম তাকে পানি পান করাইলে আব্দুল হামিদ কালা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সংবাদ সম্মেলনে আব্দুল জলিল মাস্টার বিষয়টির প্রকৃত সত্যতা ও বাস্তবতা উপলব্ধি করে সত্য প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।