বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মানবপাচার চক্রের চার সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, উপজেলার ফেঁনারবাক ইউনিয়নের লক্ষীপুর নয়াহাটি গ্রামের এই চক্রের প্রধান নূরু মিয়া তার সৌদী আরব প্রবাসী দুই ছেলে রাসেল মিয়া ও শামীম মিয়ার মাধ্যমে সে দেশে পাঠানোর কথা বলে ২০২২ সালের ডিসেম্বর মাসে একই উপজেলার উত্তর জামালগঞ্জ ইউনিয়নের ইনসানপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে মো মোছাব্বির হোসেন ও তার দুই স্বজন ধর্মপাশা উপজেলার শুকাইর গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইকবাল হোসেন ও শহীদ মিয়ার ছেলে বায়জিদ মিয়ার নিকট থেকে সাড়ে ৯ লাখ টাকা নেয়; কিন্তু তাদেরকে পাসপোর্ট ও মেডিক্যাল করানোর কথা বলে এবং ফ্লাইটের তারিখ নির্ধারণ করে কয়েক দফা ঢাকায় নিয়ে গিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেয়।
এ ঘটনায় গত ২৫ জুলাই প্রতারিত মোছাব্বির হোসেন বাদি হয়ে নূরু মিয়া, বর্তমানে দেশে অবস্থানকারী তার সৌদী প্রবাসী ছেলে রাসেল মিয়া ও শামীম আহমদ, মেয়ে শিপা বেগম, স্ত্রী ফুলতারা বেগম ও ভাই সেলিম মিয়াকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে ২৫ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামী রাসেল মিয়া, নূরু মিয়া, সেলিম মিয়া ও শিপা বেগমকে পুলিশ গ্রেফতার করে।
আরও অভিযোগ পাওয়া গেছে, এই চক্রটি ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের ছেলে সামরুজ মিয়াকে সৌদী আরবে নিয়ে আকামা লাগানোর কথা বলে তার নিকট হতেও সাড়ে ৩ লাখ টাকা নিয়েছে।
আরও ভয়ংকর অভিযোগ হলো, সামরুজ মিয়া এখন কোথায় কি অবস্থায় রেখেছে তা তার পরিবার জানেনা।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো আব্দুন নাসের জানান, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।