নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট বেলাল উদ্দিন আর নেই।
বুধবার, ১৯ জুলাই রাত ৯টা ২০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
অ্যাডভোকেট বেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্মসম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এপিপি অ্যাডভোকেট বেলাল উদ্দিন একজন সাংস্কৃতিক সংগঠকও ছিলেন। তিনি কৈশোরে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সঙ্গে যুক্ত ছিলেন এবং জীবনের শেষদিন পর্যন্ত সিলেট ললিতকলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অ্যাডভোকেট বেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনও অ্যাডভোকেট বেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
খেলাঘর সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি আল আজাদও তার এক সময়ের অনুজপ্রতীম সহকর্মী অ্যাডভোকেট বেলাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
সিলেট ললিতকলা একাডেমির পক্ষ থেকে অ্যাডভোকেট বিপ্রদাস ভট্টাচার্য সংগঠনের সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।