সুনামগঞ্জ প্রতিনিধি : জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ পর্যায়ে জেলার ১১ উপজেলার প্রায় দেড় হাজার শিশু দু’দিনব্যাপী কারুকাজ, আবৃত্তি ও অভিনয়সহ ১৯টি বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে পুরস্কার অর্জন করে ৪৭৪ জন। বিজয়ীদের প্রথমস্থান অধিকারী ১৯ জন আগামী ২১ ও ২২ জুলাই সিলেট বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
সোমবার ১৭ জুলাই বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে আলোচনা সভা এবং সদনপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও শিক্ষক শহীদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা পরির্দশক সারোয়ার আলম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমীন, জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সারোয়ার জাহান খান, অ্যাডভোকেট অলক ঘোষ চৌধুরী ও জেলা শিশু একাডেমির সঙ্গীত শিক্ষক মো শাহাব উদ্দিন।