সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য কর্মসূচিতে জমজমাট ‘ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৬ জুলাই আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো মিজানুর রহমান, এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৬০ পদাতিক ব্রিগেড ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এছাড়াও উপাধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনটিকে বর্ণাঢ্য করতে ফল উৎসবের সঙ্গে সামঞ্জ্যস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়। ১২টি স্টলে প্রদর্শন করা হয় নানা রকমের অর্ধ-শতাধিক ফল। আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশীয় ফল ও এর পুষ্টিগুণ সম্পর্কে প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ধারণা দেওয়া।
এছাড়াও ‘ফল উৎসব’ শেষে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে ফল ভাগাভাগির মাধ্যমে নিজেদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করে তোলে।
প্রধান অতিথি উৎসব উদ্বোধন শেষে ফলের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে ফল সম্পর্কিত বিভিন্ন তথ্য আদান-প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, ‘আমাদের দেশীয় অনেক ফল আজ বিলুপ্তির পথে। এগুলো আমাদের ঐতিহ্যের অংশ। ফল আমাদের দৈহিক গঠনে অবদান রাখে। ফলের পুষ্টিগুণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ফল সম্পর্কে জানতে পারবে। বিশেষত, ফলের বাংলা ও ইংরেজি নাম, পুষ্টিগুণ ও ভেষজ গুণাবলী সম্পর্কে ধারণা পাবে।’
এরপর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফল সম্পর্কিত ছড়া-কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
উল্লেখ্য, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (স্কুল পর্যায়) নির্বাচিত হয়েছে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল পর্যায়) নির্বাচিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি