সুশাসন চর্চা ও তথ্য অধিকার আইনের প্রয়োগে গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক ও সক্রিয় অংশগ্রহণ তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিতকরণ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডে সমন্বয় ও জবাবদিহিতা অধিকতর বৃদ্ধি করার লক্ষ্য নোয়াখালীতে সুশাসন চর্চা ও তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।।
বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন-বিএনএনআরসি, ফ্রিডরিখ ন্যাউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম-এফএনএফ বাংলাদেশের সহায়তায় বুধবার ১২ জুলাই অনুষ্ঠিত এই সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।
শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে সংলাপের উদ্দেশ্য ও লক্ষ্য আলোচনা করেন বিএনএনআরসির সমন্বয়ক হীরেন পন্ডিত। এ সময় এফএনএফ বাংলাদেশের পরিপ্রেক্ষিত ও কার্যক্রম উপস্থাপন করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ওমর মোস্তাফিজ। ’নোয়াখালীর ভূমি, সমাজ ও স্বাস্থ্যসেবা : বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফয়জুল ইসলাম জাহান (জেলা প্রতিনিধি, বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম, নোয়াখালী)। এতে তিনি সংক্ষেপে নোয়াখালী জেলার ইতিহাস, ঐতিহ্য ও ভূ-আঞ্চলিক অবস্থান উল্লেখ করে জেলার বিভিন্ন সরকারি অধিদপ্তর প্রদত্ত সেবাসমূহ বিশেষ করে স্বাস্থ্যসেবা ও ভূমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, অগ্রগতি, বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
পরে প্রফেসর কাজী মো রফিক উল্যাহর (সাবেক অধ্যক্ষ, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ) সভাপতিত্বে অংশগ্রহণকারীগণ অতিথিবৃন্দ ও প্যানেল আলোচকদের কাছে জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সেবা-বিশেষ করে ভূমি ও স্বাস্থ্যসেবা প্রাপ্তির প্রক্রিয়া ও স্থানীয় পর্যায়ে মাদক, পর্যটন এলাকায় ও গণ পরিবহনে নারীদের যৌন হয়রানি ও অবকাঠামোগত অব্যবস্থাপনা সম্পর্কে নানা প্রশ্ন রাখেন এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জসমূহ উল্লেখ্যপূর্বক সমাধানের উপায় সম্পর্কে জানতে চান।
প্যানেল আলোচকগণ পর্যায়ক্রমে এ সকল প্রশ্নের উত্তর দেন ও ব্যাখ্যা প্রদান করেন।
অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্যানেল আলোচকগণ বলেন, সাধারণ জনগণ মূলত কোন প্রতিষ্ঠান থেকে কোন সেবা দেওয়া হয় এবং সেই সেবা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে না জানায় অনেক ধরনের হয়রানির শিকার হন। তাদের অতিরিক্ত অর্থও প্রদান করতে হয়। তাই সেবা গ্রহণকারীদের উচিত অবশ্যই নিজ দায়িত্বে সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠানের প্রদানকৃত সেবাসমূহের তালিকা তথা সিটিজেন চার্টার বা নাগরিক সনদ দেখা।
এছাড়া সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও অব্যবস্থাপনাকে বৃহত্তর সমস্যা হিসেবে অভিহিত করে উপস্থিত সংশ্লিষ্ট প্যানেল আলোচক বলেন, উত্থাপিত অভিযোগগুলো সম্পর্কে নোয়াখালী সিভিল সার্জনকে অবগত করা হবে এবং সেই মোতাবেক সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে।
সমাজসেবা অধিদপ্তরের সেবা সমূহ পাওয়ার ক্ষেত্রে যদি কেউ সমস্যার সম্মুখীন হয় তাহলে অধিদপ্তরের সংশ্লিষ্ট সহকারী পরিচালককে সরাসরি ফোন করে জানানোর জন্য বলা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো নাজিমুল হায়দার (অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক, নোয়াখালী)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সমাজে এখনও নানা ধরনের অসংগতি রয়েছে। আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছি। এরপরও তহশীল অফিসে হয়রানি ও সেবা পেতে অতিরিক্ত অর্থ প্রদানের যে বিষয়গুলো এখানে উঠে এসেছে সে বিষয়েও যথাযথ পদক্ষপ গ্রহণে আমি সুপারিশ করবো।’
এছাড়া বিভিন্ন স্পটে মাদক গ্রহণ ও কেনা-বেচা সংক্রান্ত বিষয়গুলো জেলা আইন-শৃংখলা কমিটির আগামী সভায় অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থাপন করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
পাশাপাশি পর্যটন এলাকায় ও গণপরিবহনে নারীদের যৌন হয়রানি প্রতিরোধ ও তাৎক্ষণিক সমাধান পাওয়ার জন্য তিনি ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার পরমর্শ দেন।
তিনি জানান, নিয়মিত জাতীয় তথ্য বাতায়নে গিয়ে নোয়াখালী জেলা প্রশাসকের পোর্টাল থেকে সরকারি বিভিন্ন অধিদপ্তরের সেবা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
জেলার অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশ্নের জবাবে মো নাজিমুল হায়দার বলেন, অতি শীঘ্রই নোয়াখালী ফোর লেনের ডিভাইডার নির্মাণ শুরু হবে।
মাহবুবা মোনার (শিক্ষক, হরি নারায়ণপুর গার্লস গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মাইজদি, নোয়াখালী) সঞ্চালনায় সংলাপে প্যানেল আলোচক হিসেবে ছিলেন ডা মো সোহরাব হোসেন (মেডিক্যাল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী), মো বেলাল হোসেন, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, নোয়াখালী) ও নূরুল আলম মাসুদ (নির্বাহী প্রধান, প্রাণ, নোয়াখালী)। সংবাদ বিজ্ঞপ্তি