জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সহসভাপতি আহমদ কামাল অহিদকে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি করা হয়েছে।
শুক্রবার, ৩ জুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনির বিরুদ্ধে এই জিডি অভিযোগ করা হয়েছে।
জিডিতে অভিযোগ করা হয়েছে, কিশোর রায় চৌধুরী মনি তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল দিয়ে আহমদ কামাল অহিদকে গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন। এ কারণে আহমদ কামাল অহিদ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগের ব্যাপারে কিশোর রায় চৌধুরী মনি জানান, ‘ছোট একটি ঘটনা নিয়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে মাত্র। তাকে প্রাণে হত্যার হুমকির প্রশ্নই আসে না। উল্টো তারা আমার বাড়িতে হামলা করেছেন।’
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, হুমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।