মাধবপুরে জায়গা কিনেও বিক্রেতার বাধায় বাড়ি করতে পারছেনা এক প্রবাসী পরিবার

প্রকাশিত June 4, 2023
মাধবপুরে জায়গা কিনেও বিক্রেতার বাধায় বাড়ি করতে পারছেনা এক প্রবাসী পরিবার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ১০ বছর আগে জায়গা কিনেও বাড়ি করতে পারছেনা এক প্রবাসী পরিবার। কারণ বিক্রেতার বাধা। শেষপর্যন্ত বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে।
উপজেলার বুল্লা ইউনিয়নের মাল্লা গ্রামের সৌদি প্রবাসী জুনায়েদ মিয়া ও তার দু ভাই মিনহাজ উদ্দিন ও ফরহাদ মিয়া মিলে পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকা. মৃত বশির উদ্দিন পাঠানের ছেলে মনির পাঠান ও তার ভাই-বোনদের নিকট থেকে ৮ দশমিক ৪৮ শতক জায়গা ক্রয় করেন। ক্রেতারা কয়েক ধাপে জায়গাটুকু রেজিস্ট্রিও করেন; কিন্তু এখন পর্যন্ত বাড়ির নির্মাণ করতে পারেননি। মনির পাঠান ও তার স্বজনরা নানাভাবে তাদেরকে বাড়ি নির্মাণে বাধা দিয়ে যচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ২৮ মে জুনাইদ মিয়ার ভাই ফরহাদ মিয়া তাদের কেনা জায়গা পরিষ্কার করে সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে মনির পাঠানের স্বজনরা বাধা দেন। দু’দিন পর ৩০ মে ফরহাদ মিয়া আবার কাজ করতে গেলে মনির পাঠানের বোন ও তার স্বজনরা ফরহাদ মিয়াকে লাঞ্ছিত করে তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান। এক পর্যায়ে তারা সীমানা দেয়ালের একটি অংশ ভেঙ্গে ফেলেন।
এ ঘটনায় ফরহাদ মিয়া মাধবপুর থানায় অভিযোগ করলে পুলিশ ফরহাদ মিয়ার মোবাইল ফোনটি উদ্ধার করে।
ফরহাদ মিয়া জানান, তারা তিন ভাই মিলে ২০১৩ সালে মনির পাঠান, জনি পাঠান ও রনি পাঠানের নিকট থেকে জায়গাটি ক্রয় করেন। মোট ৫টি দলিল মূলে মনির পাঠান ও তার ভাই-বোন, মা, সৎ মা ও সৎ ভাইয়ের নিকট থেকে ২টি ঘোষণাপত্র সহকারে জায়গাটুকু কেনা হয়।
প্রবাসী জুনায়েদ মিয়া জানান, বিক্রেতারা বিভিন্নভাবে বাধা দেওয়ায় বিধিসম্মতভাবে কেনা জায়গায় তাদের বাড়ি করা সম্ভব হচ্ছেনা। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে মনির পাঠান জানান, জুনায়েদ মিয়ার কাছে যতটুকু জায়গা বিক্রি করা হয়েছে তার চেয়ে বেশি জায়গা তারা রেজিস্ট্রি করে নিয়েছেন। এছাড়া একটি রাস্তার জায়গায় তারা সীমানা দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করতে গেলে লোকজন বাধা দেয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে ডাকা হয়েছে। শীঘ্রই বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে।