কানাইঘাটে অসুস্থ সন্তানের চিকিৎসার কথা বলে মাকে গণধর্ষণ |! গ্রেফতার ৫ জন

প্রকাশিত May 30, 2023
কানাইঘাটে অসুস্থ সন্তানের চিকিৎসার কথা বলে মাকে গণধর্ষণ |! গ্রেফতার ৫ জন

সিলেটের কানাইঘাট উপজেলায় এক সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে।
কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল সোমবার, ২৯ মে উপজেলার বীরদলবাজারসহ আশেপাশের এলাকা হতে থানায় রুজুকৃত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি দুদু মিয়া (৩৬, পিতা আলা উদ্দিন, নন্দিরাই), হেলাল আহমদ (৩৮, পিতা মঈন উদ্দিন, বীরদল ভাড়ারীফৌদ), ফরহাদ (৩৫, পিতা বিলাল আহমদ, বড়দেশ সর্দারীপাড়া, বর্তমানে বীরদল ছোটফৌদ), আব্দুল করিম (২৮, পিতা খলিলুর রহমান, বীরদল আগফৌদ) ও জুবেল আহমদকে (২৪, পিতা আলী, বীরদল ছোটফৌদ) গ্রেফতার করে।
মামলার এজাহার ও গ্রেফতার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সেদিন (২৯ মে) উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের এক নারী থানায় অভিযোগ দায়ের করেন যে, ২০ দিন পূর্বে কানাইঘাট সরকারি হাসপাতালে দুদু মিয়া নামের এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। এ সময় তিনি তার ৯ মাস বয়সী কন্যা সন্তানের দীর্ঘদিন হতে অসুস্থ থাকায় কথা দুদু মিয়াকে জানালে সে তাকে পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার পুটিজুরি এলাকায় একজন ভাল কবিরাজের নিকট চিকিৎসা করানোর পরামর্শ দেয়। পরে ২৮ মে বিকেল অনুমান ৩টায় ফুসলিয়ে মা ও মেয়েকে বীরদল বাজারে নিয়া যায়। এক পর্যায়ে সন্তানসহ ঐ নারীকে আসামি দুদু মিয়া, হেলাল আহমদ, ফরহাদ, আব্দুল করিম ও জুবেল আহমদ রাত সোয়া ১১টার দিকে বীরদল পুরানফৌদ পিপি হাবিব আলীর বসত বাড়ির পুকুর ঘাটে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে মেয়েসহ ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নির্যাতিতা নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কানাইঘাট থানায় একটি গণধর্ষণ মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য বিবরণী