মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে গ্রামবাসী প্রায় দেড় লাখ টাকাসহ ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আটককৃতরা হলো পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের শওকত আলীর ছেলে সোহরাব মিয়া (২৬), ফজলুল হকে’র ছেলে ইমরান মিয়া (৪০) ও তাহের আলীর ছেলে মহিবুল মিয়া (৫০)।
রবিবার, ৭ মে সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা হতে আগত ব্যবসায়ী মিল্টন সাহা তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর বাজার থেকে ফিরে যাচ্ছিলেন। এ সময় নদীর দু’পারে ওৎপাতা ৬ সদস্যের ডাকাত দল তার পিছু নেয়।
মধ্যনগর উপজেলার মুক্তিরবিল এলাকায় পৌঁছার পর ডাকাতদল তার উপর চড়াও হতে চেষ্টা করলে তিনি আত্মরক্ষার জন্য পুকরার ঘাটে উঠে দৌঁড়াতে থাকেন; কিন্তু ডাকাতরা তাকে ধরে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে তার বাম হাতে ও ডান পায়ে কুপিয়ে জখম করে নগদ ২ লাখ ৯১ হাজার ২০০ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়।
পরে কানা মিয়ার বিলের তাফনার বাগ এলাকায় টাকা বন্টনের সময় দরাপপুর ও বিষাড়া এলাকাবাসীর সন্দেহ হলে তারা মোবাইল ফোনে আশেপাশের লোকজনকে জড়ো করে ৩ ডাকাতকে ঘেরাও করে মধ্যনগর থানায় খবর পাঠান। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক ফোর্স নিয়ে ডাকাত ৩ জনকে গ্রেফতার করেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক জানান, এই ৩ ডাকাতের নিকট থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, অপর ৩ জন ডাকাতকে দ্রুতই গ্রেফতার করা হবে।