হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও এক আইনজীবীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
রবিবার, ৭ মে দুপুরে উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সংঘর্ষ থামাতে গিয়ে এসআই হুমায়ূন কবিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা মোমিন উদ্দিন চৌধুরী জানান, আহত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কুমড়ি গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও আইনজীবী আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি ভাইস চেয়ারম্যান ফারুক আমিন মানবপাচার মামলায় কারাগারে যান। আদালতে তার বিপক্ষে আইনজীবী হিসেবে লড়েন অ্যাডভোকেট আব্দুল হামিদ। এতে তাদের বিরোধ আরও প্রকট আকার ধারণ করে। এর জের ধরেই উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে ১২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।