সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ী উপজেলার চাটেরা গ্রামে মসজিদ সংক্রান্ত বিরোধে আব্দুল জলিল (৬০) হত্যা মামলার আরও ৪ আসামিকে জুড়ী থানা পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার, ৩ মে গভীর রাতে জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সুনামগঞ্জের দিরাই উপজেলার হাতিয়া গ্রামের আমির উদ্দিনের বাড়ি থেকে আসামি চিনু মিয়া (৬০), সুমন মিয়া (২৭), রাসেল মিয়া (২৪) ও পারুল মিয়াকে (২৭) গ্রেফতার করে।
গত ১৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে মসজিদের টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল নিহত হন। পরদিন জুড়ী থানায় মৃত মজর আলীর ছেলে ইয়াছিন মিয়াকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৪, তাং-১৫/০৪/২০২৩ইং) দায়ের করা হলে পুলিশ প্রধান আসামি ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
জুড়ী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ৭ ঘণ্টা অভিযান চালিয়ে ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাহেল মিয়া ও আব্দুল রহিম এবং মাদক মামলার আসামি সুনিল রুদ্রপালকে গ্রেফতার করা হয়েছে।