মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্যের উপর হামলার নিন্দা জানিয়ে ও ঘটনার পিছনে সক্রিয়দেরকে আইনের আওতায় আনার দাবিতে সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
হামলার প্রতিবাদে সোমবার, ১ মে দুপুরে উপজেলা শহিদমিনার প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শিক্ষক সুলায়মান মিয়া, অনুপ কুমার রায়, হালিমা খাতুন, শরীফা খাতুন ও শেখ কামরুল হাসান।
পরে শিক্ষকরা ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিকেলে উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য তার দপ্তর থেকে বাসায় ফেরার সময় সৌরভ পাঠান নামের এক যুবক তার উপর অতর্কিতে হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এ ঘটনায় পুলিশ সৌরভ পাঠানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।