ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় তুলসী পাবলিশিং হাউজে বিশ্ব কবি মঞ্চ, আগরতলা শাখার উদ্যোগে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের ‘বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লব এবং রাজনীতির এই সময়’বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার, ২৮ এপ্রিল আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের কবি পুলক কান্তি ধর ও আগরতলা শাখার সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক সুনিতা বর্ধন সহ কবি-সাহিত্যিকরা।
অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের লেখা দশম বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তাদের আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আগরতলার নাড়ির যোগাযোগের বিষয়গুলো উঠে আসে।
আলোচকবৃন্দ একজন ব্যস্ত চিকিৎসক হয়েও পেশার বাইরে অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের সমাজ ও রাজনীতি সচেতনতা এবং লেখালেখির প্রশংসা করেন।
তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে ঘটমান বর্তমান নিয়ে তার লেখা প্রবন্ধেগুলোর এই সংকলনটি ভবিষ্যৎ প্রজন্মের সামনে আজকের বাংলাদেশকে ঠিকঠাক মতো তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি