নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট উপজেলায় সংঘটিত মঈন উদ্দিন (২৮) হত্যা মামলার আসামি আয়েশা বেগমকে পুলিশ গ্রেফতার করেছে।
কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার, ২৪ এপ্রিল দুপুর আড়াইটায় পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার কসবা এলাকা থেকে আয়েশ বেগমকে (৪০, পিতা মৃত সিদ্দেক আলী, বাউরভাগ ১ম খণ্ড, সিংগাড়ীপাড়, কানাইঘাট, সিলেট) গ্রেফতার করে।
জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, একই গ্রামের মঈন উদ্দিনের সঙ্গে আয়শা বেগমের মেয়ে তানিয়া বেগম ও মমতা বেগম অর্থাৎ একসঙ্গে দুই বোনের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে মঈন উদ্দিনের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হলে আয়শা বেগমের ছেলে মামলার ১ নম্বর আসামি মারজান আহমদ বেলই (১৯, পিতা ইব্রাহিম আলী) সহ এজাহারভুক্ত অপরাপর ৭ আসামি মিলে পরিকল্পিতভাবে মঈন উদ্দিনকে গত ২৮ নভেম্বর রাত অনুমান পৌণে ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে মারজান আহমদের বসতবাড়িতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় মঈন উদ্দিনের পিতা শফিকুল হক কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে ঘটনার পরপরই আসামিরা পালিয়ে যায়। পরে ৩ আসামি গ্রেফতার হয়।
এ পর্যায়ে গ্রেফতারকৃত আসামি আয়শা বেগম হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি থানা পুলিশের নিকট স্বীকার করেছে।