সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, মণীপুরি নৃত্য সিলেটের ঐতিহ্য এবং সারা বিশ্বে তা সমাদৃত। এই নৃত্যকে আরও বিকশিত করতে কর্মশালার বিকল্প নেই।
শুক্রবার, ২১ এপ্রিল দুপুরে মহানগরীর মণিপুরী রাজবাড়িতে শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে ভারতের মণিপুরের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশন ও একাডেমি ফর মণিপুরি কালচারাল আর্টস-এমকা সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমকা সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে ও সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, ভারতের মণিপুর রাজ্যের রাজর্ষি ভাগ্যচন্দ্র কালচারাল ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার ব্রহ্মচারীময়ুম আমুসানা শর্মা এবং স্পোক পারসন ও ট্রেজারার তখেল্লম্বম ইরাবত সিংহ। স্বাগত বক্তব্য দেন একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস সাধারণ সম্পাদক জী শান্তনা দেবী। অন্যদের মধ্যে বক্তব্য দেন নাট্যসংগঠক ও নির্দেশক উত্তম সিংহ রতন, প্রশান্ত সিংহ, ওহেইবম রঞ্জিত সিংহ ও কবি সনাতন হামোম।
দিনব্যাপী কর্মশালায় মৌলভীবাজারের ভানুগাছ, শ্রীমঙ্গল ও জুড়ীর ছোট ধামায়সহ সিলেটের ১৩টি মণিপুরীপাড়ার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ইন্দো-বাংলা বসন্ত রাস উৎসব আয়োজন উপলক্ষে আয়োজিত কর্মশালায় মণিপুরী নৃত্যের বিভিন্ন শৈলী সম্পর্কে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে।
আগামী ২৩ এপ্রিল রাতব্যাপী মণিপুরী রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে বসন্ত রাস উৎসব অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি