জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার, ১৭ এপ্রিল দুপুরে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আবদুল খালিকের ছেলে মো শাহীন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫) সহ কয়েকজন শ্রমিক ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এক পর্যায়ে ভবনটির সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে প্রথমে একজন শ্রমিক ভিতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে উদ্ধারে অপরজন নামলে দু’জনেই মারা যান।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপজেলা মেডিক্যাল অফিসার ডা নিশাত জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।