সুনামগঞ্জে কৃষক শুক্কুর আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত April 11, 2023
সুনামগঞ্জে কৃষক শুক্কুর আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের কৃষক ও স-মিল শ্রমিক মো শুকুর আলীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার, ১১ এপ্রিল বিকেলে এলাকাবাসীর উদ্যোগে মুসলিমপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আলাউর রহমান, ব্যবসায়ী শফিক মিয়া, মিরাশ উদ্দিন, জসীম উদ্দিন, রহিম মিয়া, শাহ আলম, আবুল বাশার, মুজিবুর রহমান, আবুল লেইস, শাহাব উদ্দিন, আওয়াল মিয়া, বাবুল মিয়া, মীর হোসেন, সিদ্দিক মিয়া, শুকুর আলীর ছেলে জুয়েল মিয়া, স্ত্রী ফাতেমা খাতুন, মেয়ে আকলিমা খাতুন, আছমা খাতুন ও শ্যালিকা রাশেদা খাতুন।
বক্তারা অভিযোগ করেন, শুকুর আলী কৃষি কাজের পাশাপাশি বাড়ির কাছে একটি স-মিলে শ্রমিকের কাজ করতেন। গত ২৮ মার্চ স-মিল মালিক শফিক মিয়ার নির্দেশে তিনি স-মিল এলাকায় গরু না চড়াতে পাশের বাড়ির নায়েব আলীকে নিষেধ করেন। এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে নায়েব আলী ও তার পরিবারের নারী-পুরুষ মিলে কৃষক শুক্কুর আলীকে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের ছেলে জুয়েল মিয়া বাদি হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে সকল খুনিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।