বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, কুরআন নাযিলের মাস রমজান হচ্ছে পূর্ণাঙ্গ জীবন পরিচালনার প্রশিক্ষণের মাস। একটি মাসের শিক্ষার আলোকে বছরের বাকি ১১টি মাস অতিবাহিত করার কারণে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআন নাযিলের মাসে ইসলামী ও নৈতিক শিক্ষার সঙ্গে জড়িত শিক্ষকদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে।
রবিবার, ৯ এপ্রিল আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত রমজান মাসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি প্রফেসর ড মাহবুবে এলাহির সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন সাবেক মহানগর সভাপতি প্রফেসর ড আব্দুল আহাদ, বর্তমান সহসভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, সেক্রেটারি আব্দুস শাকুর, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ, সংগঠনের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মজির উদ্দিন, বর্তমান অধ্যক্ষ মো গোলাম রব্বানী, সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ড মাওলানা এ এইচ এম সোলায়মান ও স্টারলাইট একাডেমির প্রিন্সিপাল মো আনোয়ার আলী। সংবাদ বিজ্ঞপ্তি